সিদ্ধিরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- আপডেট সময় : ০৮:২০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ৩০

প্রতিদিনের নিউজ:
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (৪ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন এবং মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ‘শাওন স্টোর’কে ৫ হাজার টাকা এবং ‘বায়োজিন স্টোর’কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উভয় প্রতিষ্ঠান থেকে ১০০ কেজি করে মোট ২০০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া ও পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।
নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম রাশেদ জানান, পরিবেশের ক্ষতি রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, মজুদ ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

























