মেহেরপুরে স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবারের অভিযোগ
- আপডেট সময় : ০৫:৩০:৪০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ১৭

মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় পচা ডিম ও ছত্রাকযুক্ত পাউরুটি সরবরাহের অভিযোগ উঠেছে। বুধবার (১ জুলাই) সরেজমিনে গিয়ে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। সরবরাহকারী প্রতিষ্ঠান 'সুশীলন' দীর্ঘদিন ধরে এই নিম্নমানের খাবার সরবরাহ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি।
গাংনী উপজেলার ১৬২টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ হাজার ৩৪৭ জন শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং প্রকল্পের আওতায় পাউরুটি, কলা, ডিম, দুধ ও বিস্কুট সরবরাহ করা হয়। তবে সম্প্রতি সরবরাহকৃত খাবারের মান নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, সরবরাহ করা ডিমের একটি অংশ পচা এবং পাউরুটিতে ছত্রাক রয়েছে। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানিয়া জানান, তার কাছে আসা ডিমটি পচা ছিল এবং সেটি থেকে দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছিল। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রুবেল ও শাকিল একই অভিযোগ করেছেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জানান, প্রায় প্রতিদিনই এ ধরনের নিম্নমানের খাবার সরবরাহ হচ্ছে। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হলেও কোনো সমাধান মেলেনি এবং অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
সরবরাহকারী প্রতিষ্ঠান সুশীলনের এরিয়া ম্যানেজার সুমন হোসেন পচা ডিম সরবরাহের অভিযোগ স্বীকার করে জানান, বিষয়টি জানার পর ওই ডিম পরিবর্তন করা হয়েছে। তবে পাউরুটিতে ছত্রাকের অভিযোগ অস্বীকার করেন। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মৈত্র জানান, এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি, তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





















