কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় চুরি
- আপডেট সময় : ০৬:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২৬

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় চুরির অভিযোগ উঠেছে। তাঁর দাবি, বাসা থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় বাড়ির কেয়ারটেকার আপেল রাসেলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। তবে কেয়ারটেকারের পক্ষ থেকে রাহীর বিরুদ্ধে বাসা ভাড়া না দেওয়ার পাল্টা অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের ভূমিপল্লী এলাকার ‘সাহানারা মঞ্জিল’ নামের ভাড়া বাসায় ফিরে রাহী চুরির বিষয়টি দেখতে পান।
রাহীর অভিযোগ, গত ৭ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে তিনি বাসাটি তালাবদ্ধ করে নিজ গ্রামের বাড়ি চাঁদপুরে যান। সেখানে অবস্থানকালে স্থানীয় সাইদুর রহমান নামের এক ব্যক্তি তাকে মুঠোফোনে সতর্ক থাকতে বলেন। পরে ১৫ সেপ্টেম্বর বাসায় ফিরে তিনি দেখতে পান, ঘরের বিভিন্ন আসবাবপত্র ও মূল্যবান মালামাল নেই।
রাহী বলেন, বাসা থেকে এসি, ফ্রিজ, খাট, রান্নাঘরের চুলা, স্বর্ণালংকার, পোশাকসহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে তাঁর দাবি।
তিনি আরও বলেন, সাইদুর রহমানের সঙ্গে আগে পরিচয় ছিল না। তবে একদিন বাসার নিচে তার সঙ্গে দেখা হলে সাইদুর নিজেকে পরিচিত দাবি করে এলাকায় কিছু লোক তাকে খুঁজছে বলে জানান এবং কোনো সমস্যা হলে তাকে জানাতে বলেন। রাহীর দাবি, কেয়ারটেকার আপেল রাসেল ওই ব্যক্তির সঙ্গে সম্পৃক্ত থাকায় তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে কেয়ারটেকার আপেল রাসেলের স্ত্রীর দাবি, সাইদুর রহমান ৫-৬ জন লোক নিয়ে এসে তার স্বামীকে ভয়ভীতি ও হুমকি দিয়ে ওই কক্ষের মালামাল নিয়ে যান। বিষয়টি বাড়ির মালিককেও জানানো হয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি কেয়ারটেকারও রাহীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, রাহী দুই মাস ধরে বাসা ভাড়া দেননি এবং বাসা ছাড়তে বললেও ছাড়ছেন না। দুটি অভিযোগই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
সাইদুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি তদন্তাধীন। তাঁর কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কি না, তা তাঁর জানা নেই।



















