মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মতলব উত্তরে পুলিশের মাদকবিরোধী র্যালি-সমাবেশ
- আপডেট সময় : ০৫:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২৭

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, মাদকমুক্ত সমাজ গড়ে তুলি এই স্লোগানে মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরের মতলব উত্তরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৪শতাধিক মানুষ অংশ নেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরকালিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে র্যালিটি শুরু হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চরকালিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে করণীয় নিয়ে আলোচনা করেন। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক ব্যবসা, পাচার ও সেবনের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা অপরিহার্য।
সমাবেশে জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা, সাধারণ সম্পাদক আ. গনি তফাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন এবং জেলা বিএনপির সহসভাপতি খায়রুল হাসান বেনুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















