আন্দোলনকারীদের শরীরে পেলেটের আঘাতের প্রমাণ, পুলিশের অস্বীকৃতি
- আপডেট সময় : ০৪:২৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ৮

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। দিল্লির একটি সরকারি হাসপাতালের চিকিৎসা প্রতিবেদনে কয়েকজন আহত বিক্ষোভকারীর শরীরে পেলেটের আঘাতের প্রমাণ পাওয়া গেছে। তবে দিল্লি পুলিশ এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
২০ জুলাই নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপি পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ করে। দলটির অভিযোগ, বিক্ষোভ ঠেকাতে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে এবং আন্দোলনকারীদের ওপর পেলেট গান ব্যবহার করা হয়েছে। দিল্লি পুলিশের দাবি, এসব অভিযোগ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
দিল্লির সফদরজং হাসপাতালের চিকিৎসা নথিতে ২৮ বছর বয়সী এক বিক্ষোভকারীর শরীরে পেলেটের আঘাতের উল্লেখ রয়েছে। ওই ব্যক্তিকে ২০ জুলাই বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া, আহত ৬০ জন বিক্ষোভকারীর মধ্যে সাহিল লোচাবের ডান চোখে পেলেটের গুলি লাগে। তার চিকিৎসা চলছে এবং অস্ত্রোপচার করা হয়েছে।
পেলেট গান সাধারণত দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এবং ২০১০ সালে কাশ্মীরে প্রথম ব্যবহার করা হয়। ২০১৬ সালে বুরহান ওয়ানির মৃত্যুর পর আবারও এটি ব্যবহার শুরু হয়। একটি পেলেট কার্তুজ থেকে শত শত ধাতব বা রাবারের ছররা বের হয়, যা গুরুতর আহত হওয়ার ঝুঁকি তৈরি করে।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে একটি বিল আগামী সপ্তাহে সংসদে উত্থাপন করা হবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এবং পেলেট গান ব্যবহারের নির্দেশদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।






















