নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদ নেতার বোনের বাসায় চুরি, তিনজন গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৪৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ১১

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গণঅধিকার পরিষদ নেতার প্রবাসী বোনের বাসায় চুরির ঘটনায় এক শ্রমিক দল নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া একটি রেফ্রিজারেটর ও ভাঙা টেলিভিশন উদ্ধার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনের বোন সাদিয়া আক্তার ও ভগ্নিপতি রাজিবুল আলম নিউজিল্যান্ডে বসবাস করেন। বন্দর উপজেলার হাজীপুর এলাকায় তাঁদের চারতলা ভবনটি নাহিদ নিজেই দেখাশোনা করেন। গত ১৯ জুলাই রাতে ওই ভবনের একটি ফ্ল্যাটের তালা কেটে প্রায় পাঁচ লাখ টাকা সমমূল্যের আসবাব ও ইলেকট্রনিক সামগ্রী চুরি হয়। এ ঘটনায় নাহিদ হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর তদন্তে নেমে পুলিশ গত ২০ জুলাই সকালে ওই ভবনের দুই ভাড়াটে রফিক ও লাবনী আক্তারকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২১ জুলাই রাতে বন্দর রেললাইন এলাকার একটি দোকান থেকে চুরির কিছু মালামাল উদ্ধার করা হয়। একই সঙ্গে ওই ভাঙারি দোকানের মালিক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল গাজীকে গ্রেপ্তার করে পুলিশ।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, গ্রেপ্তার হওয়া দুই ভাড়াটে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরি করা মালামাল ভাঙারি ব্যবসায়ী বাবুল গাজীর কাছে বিক্রির কথা স্বীকার করেছেন। উদ্ধার হওয়া মালামাল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, চুরির সঙ্গে জড়িত পলাতক আরেক আসামিকে ধরতে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।



















