পূবাইলে তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি, জনজীবনে প্রশান্তি
- আপডেট সময় : ০৬:৪৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ১১১

রবিউল আলম:
গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। বুধবার দুপুর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হালকা বাতাসের পর শুরু হয় বৃষ্টি। এতে করে জনজীবনে ফিরে আসে স্বস্তি।
গত কয়েকদিন ধরে অতিরিক্ত তাপমাত্রা ও গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষ। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, পথচারী ও শিশুদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
পূবাইলের বিভিন্ন এলাকায় দেখা যায়, বৃষ্টিতে শিশুরা আনন্দে ভিজছে এবং অনেকেই গরম থেকে মুক্তি পেতে ঘরের বাইরে বের হয়ে স্বস্তির আবহ উপভোগ করছেন। কৃষকরাও এই বৃষ্টিকে আশীর্বাদ হিসেবে দেখছেন। তাদের মতে, দীর্ঘ গরমের পর এ বৃষ্টি ফসল ও সবজিক্ষেতের জন্য উপকারী হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল সবাই। হঠাৎ বৃষ্টিতে পরিবেশ অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবং স্বাভাবিক কাজকর্মে স্বস্তি ফিরে এসেছে।
তবে বৃষ্টির কারণে কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এরপরও গরম থেকে মুক্তি পাওয়ায় বৃষ্টিকে স্বস্তির বার্তা হিসেবেই দেখছেন এলাকাবাসী।

























