ধানক্ষেতে কাজ সেরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু,আহত-২
- আপডেট সময় : ০২:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১০১

প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে সামাদ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার,১৮ মে সকাল ছয়টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামাদ লালুরকান্দি এলাকার মৃত আকরাম উদ্দিনের ছেলে। আহতরা হলেন ইউসুফ আলী ও ইসমাইল। তারা একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সামাদ,ইউসুফ আলী ও ইসমাইল বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করতে যান। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে তারা বাড়ি ফেরার পথে বাড়ির পাশেই বজ্রপাতে আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সামাদকে মৃত ঘোষণা করেন। আহত ইউসুফ আলী ও ইসমাইল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

























