অটো রিক্সায় কেড়ে নিল বৃদ্ধের প্রাণ
- আপডেট সময় : ০৬:৩৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সেকান্দর বেপারী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের আমিয়াপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেকান্দর বেপারী উপজেলার মৌটুপী বেপারী বাড়ি (মান্দারতলী) এলাকার মৃত সায়েদ আলী বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আমিয়াপুর মোড়ে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সেকান্দর বেপারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ হাসপাতালে গিয়ে স্বজনদের শনাক্তের ভিত্তিতে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার আগ্রহ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



















