এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জন: চিকিৎসক বা প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছে সাদীদ
- আপডেট সময় : ০৭:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ২৬

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চলতি বছরের এসএসসি ২০২৬ পরীক্ষায় অসামান্য কৃতিত্ব অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী আশরাফ আহসান চৌধুরী (সাদীদ)। সে ঢাকার ন্যাশনাল আইডিয়াল কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে পাবলিক পরীক্ষায় কাঙ্ক্ষিত ‘গোল্ডেন এ প্লাস’ (Golden A+) অর্জন করে নিজের মেধার স্বাক্ষর রেখেছে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা অত্যন্ত আনন্দিত।
পড়াশোনায় শুরু থেকেই অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী সাদীদ। তার এই সাফল্যের পেছনে নিয়মিত অধ্যবসায় এবং বাবা-মা ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ কাজ করেছে বলে সে জানায়।
সাদীদের পিতা মোঃ আহসান উল্যাহ চৌধুরী বর্তমানে সিটি ব্যাংক পিএলসি, কচুয়া শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (SAVP) ও শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে সিটি ব্যাংকে কর্মরত রয়েছেন ।
আশরাফ আহসান চৌধুরী (সাদীদ) বলেন, ভবিষ্যতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে রয়েছে সুদূরপ্রসারী পরিকল্পনা। তার প্রবল ইচ্ছা দেশের শীর্ষস্থানীয় কোনো পাবলিক মেডিকেল কলেজ কিংবা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET)-এ পড়াশোনা করার। চিকিৎসা বিজ্ঞান অথবা প্রকৌশল বিদ্যায় উচ্চশিক্ষা গ্রহণ করে সে দেশের সেবা করতে এবং নিজেকে একজন দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তুলতে চায়।
তিনি আরও বলেন, তবে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে মেলে ধরার পরিকল্পনা রয়েছে তার। যদি কোনো কারণে দেশে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে পড়ার সুযোগ না হয়, তবে সে IELTS সম্পন্ন করে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের প্রস্তুতি নেবে। উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে নিজের ব্যক্তিগত স্বপ্ন পূরণের পাশাপাশি ভবিষ্যতে দেশ, সমাজ ও সাধারণ মানুষের কল্যাণে অবদান রাখতে চায় সাদীদ।
মেধাবী এই তরুণ তার আগামী দিনের পথচলায় সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।



















