শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক
- আপডেট সময় : ০৭:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ৩১

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের শাহরাস্তিতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আমিনুল ইসলাম (৬৪) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থী প্রতিদিন আমিনুল ইসলামের বাসায় আরবি পড়তে যেত। অভিযোগ রয়েছে, এই সুযোগে আমিনুল ইসলাম শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করতেন।
সোমবার সকালে প্রতিদিনের মতো শিশুটি আমিনুল ইসলামের বাসায় আরবি পড়তে গেলে একই ধরনের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটি বিদ্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষিকা সামছুন্নাহারের নজরে এলে শিশুটি তার কাছে ঘটনার কথা জানায়।
পরে শিক্ষিকা শিশুটির পরিবারকে বিষয়টি অবহিত করেন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে জানানো হলে তিনি শাহরাস্তি মডেল থানায় জানান।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান শিশুটির সঙ্গে কথা বলার পর অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলামকে সোমবার গভীর রাতে আটক করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পরই গুরুত্বের সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।



















