নতুন চুক্তি করলেন নুসরাত ফারিয়া
- আপডেট সময় : ১০:২৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪

প্রতিদিনের বিনোদন:
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি নানারকম পণ্যের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেন তিনি। এবার চুক্তি করলেন ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের সঙ্গে।
রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন পণ্য উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। সেখানে অন্যতম আকর্ষণ ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এদিন স্টেপ ফুটওয়্যারের বিভিন্ন ব্র্যান্ড প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিও স্বাক্ষর করেন তিনি।
সোমবার,১৪ সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যার চারটি শ্রেণিতে মোট ৫৬টি নতুন পণ্য উন্মোচন করে। আধুনিক নকশা, উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের উপকরণে তৈরি এসব পণ্যে আরাম, স্থায়িত্ব ও আধুনিকতার সমন্বয় রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন পণ্যসম্ভারের মধ্যে রয়েছে এয়ারওয়াক, লাফিয়ে স্লাইড, স্পিডি স্লাইড ও কালার স্লাইড। এবার স্টেপের স্লাইড শুধু ছেলেদের জন্য নয়, মেয়েরাও ব্যবহার করতে পারবেন। ফলে নতুন পণ্যসম্ভারে ক্রেতাদের জন্য আরও বৈচিত্র্যময় পরিসর তৈরি হয়েছে।
অনুষ্ঠানে নুসরাত ফারিয়ার উপস্থিতি বাড়তি আকর্ষণ তৈরি করে। স্টেপ ফুটওয়্যারের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘স্টেপ ফুটওয়্যারের মতো একটি জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ব্র্যান্ডের সঙ্গে কাজ করার ক্ষেত্রে পণ্যের মান, নকশা ও ক্রেতাদের আস্থাকে আমি গুরুত্ব দিই। স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্যগুলোতে আধুনিক নকশা, আরাম ও গুণগত মানের চমৎকার সমন্বয় আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।’
এদিকে অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের চেয়ারম্যান আবদুস সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির, ব্র্যান্ড প্রচারের মুখ ও অভিনেতা তৌসিফ মাহবুবসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছিলেন বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও ব্যবসায়িক অংশীদাররাও। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল অ্যাড সাইন।
অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির নতুন পণ্যের বৈশিষ্ট্য, গুণগত মান, আধুনিক প্রযুক্তি, নকশা ও ব্যবহারিক দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি সাম্প্রতিক ফ্যাশন প্রবণতা ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি।
স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য নিয়ে ব্র্যান্ড প্রচারের মুখ তৌসিফ মাহবুব বলেন, গত কয়েক বছরে ব্র্যান্ডটির পণ্যের মান ও নকশায় ধারাবাহিক উন্নয়ন হয়েছে। নতুন পণ্যগুলোতেও আধুনিক ফ্যাশন, আরাম ও গুণগত মানের সমন্বয় রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শামীম কবির বলেন, ক্রেতাদের চাহিদা, রুচি ও পরিবর্তনশীল ফ্যাশন প্রবণতাকে গুরুত্ব দিয়েই স্টেপ ফুটওয়্যার পণ্য তৈরি করে আসছে। শুধু জুতা তৈরি নয়, ক্রেতাদের দৈনন্দিন জীবনে আরাম, আত্মবিশ্বাস ও স্টাইল নিশ্চিত করাই তাদের লক্ষ্য। দেশীয় ব্র্যান্ড হিসেবে গ্রাহকদের দীর্ঘদিনের আস্থাকে আরও শক্তিশালী করে আন্তর্জাতিক পরিসরে পরিচিতি তৈরি করতে চান তারা।



















