বিকেএসপিতে আনুষ্ঠানিক সূচনা চাঁদপুরের ‘মেসি খ্যাত’ সোহান এখন প্রশিক্ষণে
- আপডেট সময় : ০১:৩৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / ১৭৪

মমিনুল ইসলাম:
চাঁদপুরের মতলব উত্তরের ৬ বছরের ফুটবল প্রতিভা সোহান বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভর্তি হলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই ক্ষুদে ফুটবলারকে ঘিরে বিকেএসপির মাঠজুড়ে ছিল উৎসাহ, উচ্ছ্বাস ও আগ্রহের ঢেউ। বিকেএসপিতে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। এ সময় তিনি সোহান ও তার বাবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরিবারের খোঁজখবর নেন।
পরে সোহানকে নিয়ে মাঠে নামেন মহাপরিচালক। সোহানের দক্ষ ফুটওয়ার্ক ও বল নিয়ন্ত্রণ নিজ চোখে দেখে তিনি অভিভূত হন। এক পর্যায়ে তিনি নিজেও সোহানের সঙ্গে বল আদান-প্রদানের খেলায় অংশ নেন।
বিকেএসপির মহাপরিচালক জানান, সোহানকে প্রথমদিকে পরীক্ষামূলক প্রশিক্ষণে রাখা হবে, পরে মূল্যায়নের ভিত্তিতে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, সোহানের বয়স অনুযায়ী তার প্রতিভা অসাধারণ। ভবিষ্যতের মেসি তৈরি করতে বিকেএসপি তার পাশে থাকবে।
সোহানের বয়স কম হওয়ায় তাকে বিকেএসপির প্রমিলা হোস্টেলে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং ফুটবল বিভাগের কোচ আছিয়া খাতুনের তত্ত্বাবধানে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে।
সোহানের বাবা মো. সোহেল আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমার ছেলের স্বপ্ন পূরণে আজ আমরা সঠিক জায়গায় পৌঁছেছি। সোহানকে স্বপ্ন ধরার সুযোগ দেওয়ার জন্য আমি বিকেএসপির মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, মতলব থেকে শুরু, এখন বিকেএসপি আমি ছেলেকে দেশের জন্য উৎসর্গ করলাম।
বিকেএসপিতে সোহানের যাত্রা নিশ্চিত হয় মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদা কুলসুম মনির প্রত্যক্ষ সহায়তা ও উদ্যোগে।
তিনি বলেন, সোহান শুধু মতলব নয়, বাংলাদেশকে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করবে এটাই আমাদের বিশ্বাস।
মাঠে বল পায়ে দৌড়ানো ক্ষুদে ফুটবলার সোহানের মুখে ছিল একটাই বাক্য আমি বড় হয়ে মেসির মতো খেলোয়াড় হবো। এ যেন শুধু একটি কথাই নয় এটা একটি স্বপ্ন, একটি সম্ভাবনা এবং একটি জাতির ভবিষ্যৎ।



























