জাটকা রক্ষা অভিযানে মাসজুড়ে ৩০ অভিযান: ৪ লাখ মিটার জাল জব্দ, ৩ টন জাটকা উদ্ধার
- আপডেট সময় : ০৮:৫৩:০২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ৮৯
মমিনুল ইসলাম:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নভেম্বর মাসজুড়ে পরিচালিত জাটকা রক্ষা অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল, জাটকা ও অবৈধ পোনা ধরার বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। ১০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলমান অভিযানে মোট ৩০টি অভিযান পরিচালনা করে ৪ লক্ষ মিটার নিষিদ্ধ জাল, ৩ মেট্রিক টন জাটকা, ২টি পাঙ্গাসের চাঁই, ১০টি বেহুন্দী জাল, ৪টি কোনা জাল, ৫০টি রিংচাই এবং ১টি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত সব জাল অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
অভিযান চলাকালীন প্রতিদিন বাজার মনিটরিং, আড়ৎ পরিদর্শন ও মাছঘাট তদারকি করা হয়। পুরো অভিযানে বাংলাদেশ কোস্টগার্ডের মোহনপুর আউটপোস্টের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা সংরক্ষণে আমরা নভেম্বর মাসজুড়ে কঠোর নজরদারি ও টানা অভিযান পরিচালনা করেছি। নদীতে যাতে কোনোভাবেই নিষিদ্ধ জাল ব্যবহার না হয়, সেজন্য কোস্টগার্ডের সহায়তায় বিভিন্ন হটস্পট এলাকায় প্রতিদিন টহল দেওয়া হয়েছে। পাশাপাশি সড়কপথ ও বাজার মনিটরিং জোরদার করায় বিপুল পরিমাণ জাটকা উদ্ধার সম্ভব হয়েছে। আমাদের লক্ষ্য আগামী প্রজন্মকে টেকসই ইলিশ সম্পদ উপহার দেওয়া।
তিনি আরও বলেন, জাটকা রক্ষা অভিযান ১ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলবে। এই পুরো সময়ে নদী, আড়ৎ ও বাজারে কড়া নজরদারি অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট এম আনোয়ারুল হক, মৎস্য দপ্তরের ইমাম হোসেন।
















