সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান ভেজাল কোমল পানীয় জব্দ
- আপডেট সময় : ০৭:৫৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ৮৬

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মল্লিক এগ্রো ফুড এন্ড ভেবারেজ নামক একটি অনুমোদনহীন কোম্পানীর গোডাউন থেকে বিপুল পরিমান ভেজাল কোমল পানীয় এবং শিশু খাদ্য জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী ক্যানেল পাড় এলাকায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এসব কোমল পানীয় জব্দ করা হয়।
জব্দ হওয়া কোমল পানীয়র মধ্যে রয়েছে বোতলজাত ম্যাংগু জুস, এনার্জি ড্রিংক, লাচ্ছি, সাদা পানি, শিশুখাদ্য আইস ললি।
এসময় জব্দ হওয়া বিপুল পরিমান কোমল পানীয় প্রকাশ্যে জনসম্মুখে ধ্বংস করা হয় এবং গোডাউনে রক্ষিত আরো বিপুল পরিমান কোমল পানীয় এবং শিশুখাদ্য জব্দের পর গোডাউনটি সিলগালা করে বিল্ডিং মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। অভিযানের টের পেয়ে মালিক পক্ষের লোকজন সটকে পরে বলে অভিযান সূত্রে জানা গেছে। তবে, সরকারী কাজে অসহযোগিতার অপরাধে দন্ড বিধির ১৮৬০ এর ১৮৬ ধারায় ওই প্রতিষ্ঠানের কর্মচারী মান্নান (৩৯) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার আব্দুল জব্বার মল্লিকের ছেলে মো: হেলাল মল্লিক দীর্ঘদিন ধরে মল্লিক এগ্রো ফুড এন্ড ভেবারেজ প্রতিষ্ঠানের আড়ালে এ ভেজাল খাদ্য তৈরী করে বাজার করে আসছে বলে স্থানীয়রা জানিয়েছে।
জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন বলেন, নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দেখতে পাই একটি গোডাউনে অবৈধ উপায়ে এনার্জি ড্রিংকস, শিশুখাদ্য প্রস্তুত করছিল। এগুলোর কোন আইনগত ভিত্তি নেই্ তারা অবৈধ উপায়ে উৎপাদন করে আসছিল। যার কারনে তাদের আইনের আওতায় এনেছি। এসময় উপস্থিত কাউকে না পাওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মত আইনে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন্নাহার, সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলাম ও জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন।



























