সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে ১৮ মাসের শিশুর মৃত্যু
- আপডেট সময় : ১০:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ৪০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে ফাইজা নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তারা মার্কেট জুয়েল রোড রোডের ‘ভাই ভাই ফার্নিচার’ দোকানে এ ঘটনা ঘটে। নিহত ফাইজা ওই এলাকার গার্মেন্টসকর্মী ফরহাদ মিয়ার মেয়ে।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতো মঙ্গলবারও মেয়েকে সঙ্গে নিয়ে ওই ফার্নিচারের দোকানে যান ফরহাদ মিয়া। একপর্যায়ে দোকানের কর্মচারীরা তাকে কথা বলার জন্য ডাকলে তিনি তাদের কাছে যান। এ সময় শিশু ফাইজা হামাগুড়ি দিয়ে বাবার কাছে যাওয়ার চেষ্টা করছিল। হঠাৎ একটি ভারী ফার্নিচার উল্টে শিশুটির ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিশুটির বাবা ফরহাদ মিয়া কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘প্রতিদিনের মতো মেয়েকে নিয়ে দোকানে গিয়েছিলাম। কর্মচারীরা ডাকলে তাদের কাছে যাই। মেয়েটি আমার কাছে আসার জন্য হামাগুড়ি দিচ্ছিল। তখনই ফার্নিচারটি তার ওপর পড়ে। চোখের সামনে আমার মেয়েটা শেষ হয়ে গেল।’ এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসীর অভিযোগ, দোকানে ভারী মালামাল অসাবধানতাবশত রাখার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















