নতুন ছবি ভাইরাল, কার সঙ্গে নেপালে অপু বিশ্বাস?
- আপডেট সময় : ০৯:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ২২

প্রতিদিনের বিনোদন:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের কয়েকটি নতুন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেপালের পাহাড়ঘেরা মনোরম লোকেশনে তোলা এসব ছবিতে অপুকে দেখা গেছে এক তরুণ অভিনেতার সঙ্গে।
ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা কৌতূহল। অনেকেই জানতে চাইছেন, কার সঙ্গে নেপালে সময় কাটাচ্ছেন অপু বিশ্বাস?
জানা গেছে, ব্যক্তিগত কোনো সফর নয়, নতুন সিনেমার শুটিংয়ের অংশ হিসেবেই নেপালে অবস্থান করছেন এই অভিনেত্রী। ছবিতে অপু বিশ্বাসের সঙ্গে যাকে দেখা যাচ্ছে, তিনি নতুন নায়ক মুর্তজা পলাশ। তারই মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে মুর্তজা পলাশের।
কয়েকদিন ধরে নেপালের জনপ্রিয় পর্যটন শহর পোখারায় চলছে অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘শিকার’র দৃশ্যধারণ। পাহাড়, মেঘ আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিভিন্ন লোকেশনে সিনেমাটির গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং করা হচ্ছে। সেখান থেকেই অপু ও মুর্তজা পলাশের বেশ কয়েকটি ছবি সামনে এসেছে।
কামরুজ্জামান রোমান নির্মিত সিনেমাটি প্রযোজনা করছে রেজা ফিল্ম। বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী ও কলাকুশলীদের সমন্বয়ে নির্মিত হচ্ছে ‘শিকার’। সিনেমাটিতে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত এবং ‘জিল্লু’খ্যাত অভিনেতা শ্যাম ভট্টাচার্য।
গল্পের প্রয়োজনেই সিনেমাটির বেশকিছু দৃশ্য নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে ধারণ করা হচ্ছে। বিশেষ করে পোখারার পাহাড়ি পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য সিনেমাটির গল্প আরও আকর্ষণীয় করে তুলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নতুন সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত অপু বিশ্বাসও। গল্প শুনেই সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘যখন নির্মাতা গল্প নিয়ে আসেন, আমি তখনই রাজি হয়ে যাই। কারণ সিনেমাটিতে আমার কাজের জায়গা আছে, অভিনয়ের জায়গা আছে। আর এই সিনেমার মাধ্যমে আরও একজন নতুন নায়ক মুর্তজা পলাশের অভিষেক হবে। এটা নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড। আশা করি, গল্পটি দর্শকের ভালো লাগবে।’
এদিকে সিনেমার শুটিংয়ের ফাঁকে নেপালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগও করছেন অপু। তার নতুন ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের আগ্রহ আরও বেড়েছে ‘শিকার’ সিনেমাটি ঘিরে। বিশেষ করে নতুন নায়ক মুর্তজা পলাশের সঙ্গে অপু বিশ্বাসের ছবিগুলোই এখন আলোচনার কেন্দ্রে।



















