সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে ছেংগারচরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
- আপডেট সময় : ০৮:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ৩৮

মতলব উত্তর প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে মতলব উত্তর উপজেলা ছাত্রদল, ছেংগারচর পৌর ছাত্রদল ও ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
কর্মসূচির শুরুতে ছেংগারচর সরকারি কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে ছেংগারচর বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের মধ্যে ফলজ, কাঠজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং মানুষের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার জন্মদিনে মানুষের কল্যাণে একটি ইতিবাচক ও জনসম্পৃক্ত উদ্যোগ হিসেবে কর্মসূচিটি পালন করা হয়।
কর্মসূচিতে ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহমান মুন্না, সাবেক সদস্য মো. সায়মন, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিহা মনি, ছেংগারচর পৌর ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আয়ান মাহমুদ রোমান, ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. জুয়েল, ছেংগারচর পৌর ছাত্রদল নেতা মো. রিয়াদ আহমেদ প্রমুখ।
এ সময় নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা জরুরি। ভবিষ্যতেও পরিবেশ ও মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।



















