গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য
- আপডেট সময় : ০৪:০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ৫

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে কি না, এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, কেবল দলের বহিষ্কারপত্রের ভিত্তিতে তাদের কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। জাতীয় সংসদের স্পিকার রেফার করলে ‘ডিসপিউট (বিতর্ক)’ নিয়ে পর্যালোচনা ও শুনানি করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা বলেন। তিনি জানান, রাজনৈতিক দলের বহিষ্কারের চিঠির ভিত্তিতে সংসদ সদস্যের পদ শূন্য হওয়ার প্রশ্নে কমিশন সরাসরি সিদ্ধান্ত নিতে পারে না।
নির্বাচন কমিশনার বলেন, বিষয়টি বিতর্কিত হলে এবং স্পিকার বা জাতীয় সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রেফার করা হলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শুনানি ও পর্যালোচনার মাধ্যমে কমিশন সিদ্ধান্ত নেবে।
গত সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও প্রকাশিত হয়। ভিডিওতে এক তরুণীর সঙ্গে তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। গাজী নজরুল ইসলাম জানান, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম। তিনি দাবি করেন, গত ১৭ জুন প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিয়ে হয়েছে।
ভিডিও প্রকাশের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইজ্জত উল্লাহর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে বুধবার দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।



















