ব্রাজিল নেই, তাই খেলা না দেখে যা করেন অপু বিশ্বাস
- আপডেট সময় : ০৭:৫২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ৩৫

প্রতিদিনের বিনোদন:
ফুটবল বিশ্বকাপ এলেই বদলে যায় চারপাশের আবহ। সাধারণ দর্শকদের মতো দেশের শোবিজ তারকারাও তখন মেতে ওঠেন প্রিয় দলকে ঘিরে উচ্ছ্বাসে। কেউ আর্জেন্টিনার ভক্ত, কেউ ব্রাজিলের। পছন্দের দল নিয়ে চলে খুনসুটি, তর্ক আর আনন্দ।
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসও শৈশব থেকেই ব্রাজিল সমর্থক। তবে এবারের বিশ্বকাপে তার প্রিয় দল ব্রাজিল আগেই বিদায় নেওয়ায় ফুটবলের প্রতি আগ্রহ অনেকটাই কমে গেছে বলে জানালেন তিনি। তাই এখন খেলার বদলে সময় কাটছে সিনেমা দেখে।
সম্প্রতি এক আলাপচারিতায় ছেলে জয়কে নিয়ে ফুটবল দেখার অভিজ্ঞতা শেয়ার করেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আগে জয় খেলা খুব একটা বুঝত না। কিন্তু এবার ও ফুটবল অনেক ভালো বোঝে। যেহেতু ব্রাজিল নেই, তাই আমি খেলার বদলে সিনেমা দেখি। কিন্তু জয় আর্জেন্টিনার খেলা দেখবেই। আমি অন্য রুমে গিয়ে টেলিভিশন চালালেও ও এসে আবার খেলা চালিয়ে দেয়। এটা নিয়ে আমাদের মধ্যে ছোট ছোট মজার মুহূর্ত তৈরি হয়।’
এদিকে বাংলাদেশ সময় আজ রাত ১টায় মাঠে নামবেন মেসি-ইয়ামালরা। ম্যাচটি হতে পারে মেসি ভক্তদের জন্য বিশেষ। কেননা ৩৯ বছরের এ তারকা আজই টানতে পারেন নিজের ক্যারিয়ারের ইতি।
ফাইনাল ম্যাচ নিয়ে ফিফাও রেখেছে চমক। হাফটাইমে আয়োজন করা হবে কনসার্টের। গান শোনাবেন শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবার। সে কারণে ফাইনাল ম্যাচের হাফটাইমের বিরতি বেড়ে ২০ মিনিট হতে যাচ্ছে।
এই ২০ মিনিটের ১১ মিনিট বরাদ্দ থাকবে সংগীত পরিবেশনার জন্য। বাকি মিনিটগুলো ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়া এবং মাঠে পানি দেওয়ার কাজে। শেষ মুহূর্তের আনন্দ কোন দলের সঙ্গী হবে সে অপেক্ষায় সবাই।




















