ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ হাজার ২৬৭, ২৪ ঘণ্টায় ১৬৩ জন হাসপাতালে ভর্তি
- আপডেট সময় : ০১:৪১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ১৬

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে এ তথ্য জানানো হয়।
মৃত ব্যক্তিটি ময়মনসিংহ বিভাগের একজন নারী। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে জুন মাসে ১৩ জন, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে এবং মে ও জুলাই মাসে ১ জন করে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৬৩ জনের মধ্যে ১০০ জন পুরুষ এবং ৬৩ জন নারী। বরিশাল বিভাগে ৪৬ জন, চট্টগ্রামে ২৭ জন, খুলনায় ২৪ জন, ঢাকা বিভাগে ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন, ময়মনসিংহে ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২৬৭ জন। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৮৯৮ জন পুরুষ এবং ২ হাজার ৩৬৭ জন নারী। জুন মাসে সবচেয়ে বেশি ২ হাজার ৯০৭ জন আক্রান্ত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে, মোট ১,৬৭৫ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫ হাজার ৭৯৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ৪৫৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।





















