সোনারগাঁয়ে ডাকাত সিয়াম গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / ১০৭

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩১ মে) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে উপজেলার বাড়ি চিনিষ এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সিয়াম উপজেলার চিনিশ এলাকার মাসুমের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিয়ামের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই এবং মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ২২ মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় সংঘটিত নাশকতার ঘটনায় সিয়াম ও তার সহযোগীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয়দের দাবি, ওই ঘটনার পর থেকেই সিয়াম আত্মগোপনে ছিল।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহলের মতে, অপরাধ দমনে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত সিয়ামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সিয়ামের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
















