সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে ফলের দোকান ভাঙচুর,বিএনপি নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৪৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ২০৯

প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা না দেওয়ায় এক ফল বিক্রেতার দোকান ভাঙচুর ও মারধরের ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক।
গ্রেপ্তারকৃত সালাউদ্দিন (৫৫) সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
এর আগে, ভুক্তভোগী মো. আজিজুল হক (৬০) গত শুক্রবার (২৪ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন বাজারে আজিজুল হকের একটি ফলের দোকান রয়েছে। একই এলাকার সালাউদ্দিন দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বাজারের সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ ও ভাড়া দিয়ে আসছিলেন। পাশাপাশি বাজারের বিভিন্ন দোকান থেকে অবৈধভাবে চাঁদা আদায় করতেন। কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি দেখিয়ে দোকান উচ্ছেদ করে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সালাউদ্দিন চাঁদাবাজি চালালেও বর্তমানে ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে আবারও বাজারে প্রভাব বিস্তার করছেন। এছাড়া দোকান দেওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত এক মাস অসুস্থ থাকায় চাঁদা দিতে পারেননি আজিজুল হক। শুক্রবার তিনি দোকান বসাতে গেলে সালাউদ্দিনসহ ৭-৮ জন এসে তাকে গালিগালাজ ও মারধর করেন। এ সময় প্রায় ৮০ হাজার টাকার ফল নষ্ট করে খালে ফেলে দেওয়া হয় এবং দোকান ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে তার ছেলেকেও মারধর করা হয়।
এ ঘটনায় আজিজুল হক জানান, অভিযুক্তরা তাকে ও তার সন্তানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন, ফলে তিনি চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক বলেন, ফল বিক্রেতার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

























