সোনারগাঁয়ে রক্সি বাহিনীর দুঃশাসন চরমে; ৮ মামলার ওয়ারেন্ট মাথায় নিয়ে প্রকাশ্যে ত্রাস ছড়াচ্ছে কুখ্যাত ডাকাত সর্দার রক্সি
- আপডেট সময় : ০১:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ৭৭

প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে কার্যত রাজত্ব কায়েম করেছে কুখ্যাত ডাকাত সর্দার রক্সি। দমদমা এলাকার নজরুল ইসলামের ছেলে রক্সি গত কয়েক বছর ধরে সোনারগাঁয়ের আশপাশের এলাকায় “মিনি মাফিয়া নেটওয়ার্ক” তৈরি করেছে। তার সহোদর সাব্বির, সহযোগী রাজিবের ছেলে হাসান ও জাকিরের ছেলে মেহেদী-এদের নিয়ে গঠিত রক্সি বাহিনী বর্তমানে পুরো অঞ্চলে ত্রাসের সমার্থক নাম।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ উপজেলার সোনারগাঁ ডিগ্রি কলেজ রোড, মোগরাপাড়া বাজার, কাবিলগঞ্জ, ভিন্নিপাড়া, ঋষিপাড়া থেকে শুরু করে বটতলা বাজার পর্যন্ত-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও প্রকাশ্যে অস্ত্রের মহড়াসহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ডে এ বাহিনীর দাপট লক্ষ্য করা যাচ্ছে।
রক্সির বিরুদ্ধে ডাকাতি, হত্যা, হত্যাচেষ্টা, মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজিসহ ৮টি ফৌজদারি মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। কিন্তু অভিযোগ-পরোয়ানাভুক্ত এই সন্ত্রাসী প্রায়ই প্রকাশ্যে অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করলেও তাকে গ্রেপ্তারে কোনো দৃশ্যমান অভিযান চালানো হচ্ছে না।
গত ২ ডিসেম্বর সকাল ১০টার দিকে কাবিলগঞ্জ এলাকায় রক্সি বাহিনীর ৪–৫ জন সদস্য গরু ব্যবসায়ী আব্দুল বাতেন ব্যাপারীর ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে তার সঙ্গে থাকা প্রায় ৭ লাখ টাকা ছিনতাই করে। গুরুতর আহত অবস্থায় ঢামেকে পাঠানো হলে তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
এর আগেও গত ১১ নভেম্বর কাবিলগঞ্জ ভিন্নিপাড়া এলাকায় ফজলে রাব্বি নামের এক যুবককে কুপিয়ে তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় রক্সি বাহিনীর সদস্যরা। এ ঘটনায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ফজলে রাব্বি।
স্থানীয়দের দাবি-রক্সি বাহিনী দীর্ঘদিন ধরে কাবিলগঞ্জ মোগরাপাড়া নবষঃ-এ সন্ত্রাসের একচ্ছত্র নিয়ন্ত্রণ কায়েম করেছে। কেউ প্রতিবাদ করলে হামলা, মারধর বা হত্যাচেষ্টার শিকার হতে হয়।
থানায় অভিযোগ, কিন্তু গ্রেপ্তার নেই-উঠছে প্রশ্ন আহত ব্যবসায়ী আব্দুল বাতেনের ছেলে আরিফ বাদী হয়ে থানায় অভিযোগ করলেও এখনো কাউকেই গ্রেপ্তার করা হয়নি।
এলাকাবাসীর প্রশ্ন-৮ পরোয়ানাভুক্ত সন্ত্রাসী রক্সি দিনের আলোয় অপরাধ করে বেড়ায় কীভাবে? প্রশাসন কি নীরব ভূমিকা পালন করছে?”
স্থানীয়দের দাবি-রক্সি, সাব্বির, হাসান, মেহেদীসহ পুরো রক্সি বাহিনীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। না হলে সোনারগাঁয়ের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদ হাসান খান বলেন, অভিযোগটি থানায় গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ওয়ারেন্টভুক্ত রক্সিকে গ্রেপ্তারে আমাদের বিশেষ অভিযান চলছে। খুব দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।



























