চাঁদপুর সদর মডেল থানায় নবাগত ওসি মো. ফয়েজ আহম্মেদ
- আপডেট সময় : ০৫:১৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ৭৬

মো. জাবেদ হোসেন:-
চাঁদপুর সদর মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশের অভিজ্ঞ কর্মকর্তা মো. ফয়েজ আহম্মেদ। সোমবার,৮ ডিসেম্বর সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর যোগদানের মধ্য দিয়ে থানার আইনশৃঙ্খলা কার্যক্রমে নতুন গতিধারা সৃষ্টির আশা করছেন স্থানীয়রা।
নবাগত ওসি মো. ফয়েজ আহম্মেদ দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে শরীয়তপুর জেলার সখিপুর থানা, সিরাজগঞ্জের যমুনা সেতু পূর্ব থানা এবং ফরিদপুর জেলা ডিবি’র ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের প্রতিটি জায়গায় তিনি দক্ষতা, পেশাদারিত্ব ও কর্মনিষ্ঠার মাধ্যমে প্রশংসা অর্জন করেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী নবাগত ওসির যোগদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নতুন ওসি স্যার দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর যোগদানে থানার কার্যক্রম আরও সুসংগঠিত ও জনবান্ধব হবে বলে আশা করছি।”
এদিকে বিদায়ী অফিসার ইনচার্জ মো. বাহার মিয়াকে চাঁদপুর সদর মডেল থানায় দায়িত্ব পালন শেষে ঢাকা পুলিশ রেঞ্জে বদলি করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণসহ জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষায় ভূমিকা রাখেন। তাঁর কর্মদক্ষতা স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়।
নবাগত ওসিকে স্বাগত জানিয়ে পুলিশের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহল আশা প্রকাশ করেছেন যে— তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও পেশাদারিত্ব চাঁদপুর সদর মডেল থানার সেবা ও নিরাপত্তা কার্যক্রমকে আরও অব্যাহত রাখবে।



























