মতলব উত্তরে যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ২৫০০ কেজি জাটকা গেল এতিমখানায়
- আপডেট সময় : ০২:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ৭৬

মমিনুল ইসলাম:
চাঁদপুরের মতলব উত্তরে রাতের অন্ধকারে পরিচালিত জাটকা রক্ষা অভিযানে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করেছে মৎস্য বিভাগ। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার সময় বাংলাদেশ কোস্টগার্ডের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলার মেঘনা নদীর মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী ঢাকামুখী এমভি নড়িয়া-৫ লঞ্চ থেকে ২,৫০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত এসব জাটকা স্থানীয় এতিমখানা ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। উপস্থিত ছিলেন কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. সানোয়ার হোসেন, উপজেলা মৎস্য অফিসের স্টাফ ইমাম হোসেন। শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ অভিযানে আমরা প্রতিনিয়ত নদীতে ও স্থলপথে নজরদারি বাড়িয়েছি। জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যারা এখনো আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন জাটকা বাঁচলে ইলিশ বাঁচবে এ লক্ষ্যে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। জাটকা রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব।
মৎস কর্মকর্তা বলেন, তিনি আরও বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলবে জাটকা সংরক্ষণ অভিযান। এই সময়ে যে কোনো অবৈধ জাটকা আহরণ বা পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইলিশের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সবাইকে প্রশাসনের পাশে দাঁড়াতে হবে।



























