সায়েদাবাদ বাস টার্মিনাল শিগগিরই কাঁচপুরে স্থানান্তর করা হবে
- আপডেট সময় : ০৭:৩৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ৪০

প্রতিদিনের নিউজ:
সায়েদাবাদ বাস টার্মিনাল শিগগিরই কাঁচপুরে স্থানান্তর করা হবে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, দ্রুত সম্ভব টার্মিনালের কাজ শেষ হবে। খুব শিগগিরই কিছু কিছু রোডের বাসগুলো এখানে ঢুকানোর চেষ্টা করা হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বাস টার্মিনাল পরিদর্শনে এসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সায়েদাবাদ থেকে যেসব বাস ট্রানজিট অবস্থায় এখানে থাকবে সেসব বাসের আসা-যাওয়ার জন্য ব্যবস্থা করা হবে। গুলিস্থানের যে টার্মিনালে বাস ওঠা-নামা করে সেটা বুড়িগঙ্গার ওই পাড়ে নিয়ে যাওয়া হবে। সেটার জন্য এরইমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে। আর সায়েদাবাদ থেকে যেসব বাস চট্টগ্রামে যায় অর্থাৎ প্রায় ১৬টি জেলার বাস কাঁচপুর এই টার্মিনালে রাখা হবে। সায়েদাবাদ টার্মিনাল এখানে নিয়ে আসলে শহরের যানজট অনেকটাই নিরসন হবে। আশা করছি, দ্রুত এই টার্মিনালের কাজ শেষ হবে। আমরা আপাতত অস্থায়ী শেড করে এখানে টার্মিনাল স্থানান্তর করবো। সব মিলিয়ে ৫০ কোটির টাকার মতো বাজেট ধরা হয়েছে।
এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









