মতলবে সড়ক দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালক
- আপডেট সময় : ০৭:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ২৯

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণে অটোরিকশা দুর্ঘটনায় রিকশাটির চালক ছিদ্দিক মিয়াজী (৪৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নওগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছিদ্দিক মিয়াজী উপজেলার মধ্য নওগাঁও গ্রামের আব্বাস মিয়াজী ও মানিকজান বেগম দম্পতির ছেলে।
পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে নিজের অটোরিকশা চালিয়ে ছিদ্দিক মিয়াজী তার বাড়ির পাশে নওগাঁও আড়ংবাজার থেকে উপজেলার নওগাঁও এলাকার হাজী মার্কেটের দিকে যাচ্ছিলেন। এ সময় তার অটোরিকশায় কোনো যাত্রী ছিল না। নওগাঁও সেতু এলাকায় পৌঁছালে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায় এবং সড়কের পাশে জলাবদ্ধ জমিতে পড়ে যায়। এতে গুরুতর আহত হন চালক ছিদ্দিক মিয়াজী। খবর পেয়ে স্বজন ও স্থানীয় লোকজন সেখান থেকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অটোরিকশাচালকের বড় ভাই মো: হায়দার মিয়াজী বলেন, ভাই আগে থেকেই কিছুডা অসুস্থ ছিল। তার আয়েই সংসারের খরচ চলত। ভাইডা মইরা গেল, এখন তার তিন ছেলেমেয়ে ও বউর অবস্থা কী হবে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক অটোচালক ছিদ্দিক মিয়াজীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।



















