সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৬:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ৭০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়।
মামলার বাদী রাবেয়া আক্তার রহিমা (৩৪)। তিনি বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. সাগর আহম্মেদ (২৮)-এর সঙ্গে একই প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে বাদীর পরিচয় হয়। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলেও বাদী তাতে রাজি হননি।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২৩ জুন ২০২৬ রাত ৮টার দিকে অভিযুক্ত বিয়ের প্রলোভন দেখিয়ে বাদীকে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর নয়াআটি এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে বাসার দরজা বন্ধ করে বাদীর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে বিয়ের আশ্বাস দিয়ে রাত ১০টার দিকে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়।
বাদীর অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। পরবর্তীতে ২৭ জুন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করান। চিকিৎসা-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে রয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন বলে জানান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, অভিযোগ গ্রহণ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এ মামলার অভিযোগগুলো অভিযোগকারী পক্ষের বক্তব্যের ভিত্তিতে করা হয়েছে। তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।


















