যশের সঙ্গে কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য, বিতর্কে যা বললেন কাজল আগরওয়াল
- আপডেট সময় : ০৬:৪২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ৩৯

প্রতিদিনের বিনোদন:
যশ ও কিয়ারা আদভানি অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’। ছবির গান ‘তাবাহি’ প্রকাশের পর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। এমন পরিস্থিতিতেই পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় না করার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বলিউড অভিনেত্রী কাজল আগরওয়াল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানান, ঘনিষ্ঠ দৃশ্য বা এমন কোনো পোশাকে অভিনয় করতে তিনি কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করেননি। এটি তার ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণেই ক্যারিয়ারে বেশ কয়েকটি বড় চলচ্চিত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলেও জানান তিনি।
কাজলের ভাষায়, নিজের সীমারেখাকে তিনি সব সময় সম্মান করেছেন এবং কোনো চরিত্রের প্রয়োজনে সেই সীমা অতিক্রম করার প্রয়োজন অনুভব করেননি। তার মতে, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা বা না করা সম্পূর্ণ একজন শিল্পীর ব্যক্তিগত সিদ্ধান্ত।
একই সাক্ষাৎকারে নারী ও পুরুষ অভিনেতাদের প্রতি দর্শকের ভিন্ন দৃষ্টিভঙ্গির বিষয়েও কথা বলেন কাজল। তিনি বলেন, একই ধরনের দৃশ্যে অভিনয় করলেও নারী শিল্পীরা তুলনামূলক বেশি সমালোচনার মুখে পড়েন। তবে এ ধরনের সিদ্ধান্ত প্রত্যেক শিল্পীর ব্যক্তিগত পছন্দ ও স্বাচ্ছন্দ্যের ওপর নির্ভর করা উচিত।
মাতৃত্বের পর নিজের সিদ্ধান্তে আরও সচেতন হয়েছেন বলেও জানান এই অভিনেত্রী। কাজলের মতে, ভবিষ্যতে তাঁর ছেলে যখন তাঁর সিনেমা দেখবে, তখন যেন কোনো দৃশ্য তাকে অস্বস্তিতে না ফেলে। সেই ভাবনা থেকেই এখন তিনি আরও বেছে বেছে সিনেমা ও চরিত্র নির্বাচন করেন।
উল্লেখ্য, ‘তাবাহি’ গানটি প্রকাশের পর কিয়ারা আদভানির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। একদিকে অনেকে দৃশ্যায়নের প্রশংসা করলেও, অন্যদিকে কিয়ারাকে ঘিরে সমালোচনাও হয়। এ সময় ছবির অভিনেতা বেনেডিক্ট গ্যারেট প্রশ্ন তোলেন, একই দৃশ্যে অভিনয় করেও কেন নারী অভিনেত্রীরাই বেশি সমালোচনার শিকার হন।
আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’। অন্যদিকে কাজল আগরওয়াল অভিনীত ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ মুক্তি পাচ্ছে ২৪ জুলাই।





















