গাজীপুরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:১৫:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ৩৮

রবিউল আলম:
গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
সোমবার (২২ জুন) জিএমপির ওসি (মিডিয়া) জালাল উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি কাজে বাধা প্রদান, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং হুমকি প্রদানের অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সদর থানা এলাকা থেকে ৮ জন, বাসন থানা থেকে ৬ জন,পূবাইল থানা থেকে ২ জন, কোনাবাড়ী থানা থেকে ২ জন, কাশিমপুর থানা থেকে ৩ জন, গাছা থানা থেকে ৫ জন, টঙ্গী পূর্ব থানা থেকে ২ জন এবং টঙ্গী পশ্চিম থানা থেকে ২ জন রয়েছেন।
জিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাসন থানার মোগরখাল এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি কাজে বাধা প্রদান এবং হুমকি প্রদানের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ওসি (মিডিয়া) জালাল উদ্দিন মাহমুদ বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের দাবি, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।























