মতলব উত্তরে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, আহত-৮
- আপডেট সময় : ০৯:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ৭২

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার বেলতলী লঞ্চঘাট সংলগ্ন একটি দোকানের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে জাকির সওদাগর (৩৮), আলমগীর সওদাগর (৪০) ও ছানি সওদাগর (১৮) গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মামলার বাদী মনির হোসেন অভিযোগ করেন, অভিযুক্ত মিলন সওদাগরসহ তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে জাকির সওদাগরের মাথা, পিঠ ও হাতে গুরুতর জখম হয় এবং তার মাথায় ৪টি সেলাই দিতে হয়েছে। আলমগীর সওদাগরের মাথায় গুরুতর আঘাত লেগে প্রায় ১৫টি সেলাই দিতে হয়েছে। ছানি সওদাগরও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
তিনি আরও জানান, হামলার সময় জাকির সওদাগরের পকেটে থাকা জেলেদের বিলের ৮৪ হাজার টাকা, খাবারের ৩০ হাজার টাকা এবং দুটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে আহতদের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
অন্যদিকে, অভিযুক্ত পক্ষের মিলন সওদাগর দাবি করেন, প্রতিপক্ষই আগে তাদের ওপর হামলা চালায়। এতে তিনি নিজে, তার দুই ছেলে আশিক ও অনিকসহ জুয়েল ও মনির হোসেন আহত হয়েছেন বলে জানান।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



























