বিএনপির মনোনয়নপ্রার্থীর মিছিল থেকে যানজট নিরসন কর্মীদের ওপর হামলা, আহত-২
- আপডেট সময় : ০৮:৫১:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ১৬২
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে বিএনপির মনোনয়নপ্রার্থী ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল ওরফে প্রাইম বাবুলের প্রচারণামূলক মিছিল থেকে শহরের যানজট নিরসন কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজন শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার,৮ অক্টোবর বিকেলের দিকে শহরের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন যানজট নিরসনে দায়িত্বে থাকা কর্মী রাতুল দেওয়ান (২২) ও মো. হোসাইন (১৮)। তারা নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও যানজট নিরসন কর্মীদের দাবি, শহরের ভেতরে চার আসনের ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) প্রবেশ নিষিদ্ধ। কিন্তু একটি ইজিবাইক নিষেধাজ্ঞা অমান্য করে চাষাড়ায় প্রবেশ করলে তা আটকায় যানজট নিরসন কর্মীরা। এ সময় বিএনপি মনোনয়নপ্রার্থী প্রাইম বাবুলের সমর্থনে একটি মিছিল মিশনপাড়া দিয়ে যাচ্ছিল। আটক ইজিবাইকের চালক ওই মিছিল থেকে তার পরিচিত কয়েকজন নেতা-কর্মীকে ডেকে এনে কর্মীদের ওপর হামলা চালায়।
যানজট নিরসনের দায়িত্বে থাকা শিক্ষার্থী শাহিন মৃধা বলেন,“ইজিবাইকের চালক তার পরিচিত সন্ত্রাসী গোছের কয়েকজনকে ডেকে এনে আমাদের ওপর হামলা চালায়। আমরা বিষয়টি শান্তভাবে মীমাংসার চেষ্টা করলেও তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এমনকি আমরা ভিডিও করতে গেলে তারা মোবাইল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।”
তিনি আরও জানান,“ঘটনার পরপরই আমরা জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের যানজট নিরসন শাখার সুপারভাইজারকে বিষয়টি জানিয়েছি। তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যানজট নিরসন কর্মীদের সুপারভাইজার সম্রাট ইসলাম বলেন,“ঘটনাটি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, সম্প্রতি শহরে রাজনৈতিক প্রচারণা জোরদার হওয়ায় সড়কে যানজট বেড়েছে। এর মধ্যে এমন হামলার ঘটনায় শহরের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
















