আড়াইহাজারে গ্রাম পুলিশদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ৯৮
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে গ্রাম পুলিশদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার,৬ অক্টোবর সকাল ১১টায় থানার সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৯৬ জন গ্রাম পুলিশ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. মেহেদী ইসলাম।
সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান অতিথি তারেক আল মেহেদী বলেন, “গ্রাম পুলিশ গ্রামের মানুষের হাঁড়ির খবর জানেন—কে ভালো, কে খারাপ, কে মাদক ব্যবসায়ী, কারা চুরি-ডাকাতির সঙ্গে জড়িত, সব তথ্য তাদের কাছেই থাকে। তাই অপরাধীদের আইনের আওতায় আনতে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।”
তিনি আরও বলেন, “কোনো অপরাধী যত বড়ই হোক, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। মব ভায়োলেন্স বা গণপিটুনি না দিয়ে অপরাধীকে পুলিশের হাতে সোপর্দ করতে হবে।”
সভায় গ্রাম পুলিশের সদস্যরা তাদের বিভিন্ন দাবি ও সমস্যা তুলে ধরেন। অতিরিক্ত পুলিশ সুপার তাদের সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুদ্দিনসহ থানার সকল বিট অফিসার উপস্থিত ছিলেন। সভায় সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, দস্যুতা ও বিশেষ করে ডাকাতি প্রতিরোধে গ্রাম পুলিশকে আরও সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়।
















