মতলবে সড়ক যেন মৃত্যুফাঁদ,জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন- দূর্ভোগ চরমে
- আপডেট সময় : ০৯:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ১৬

আল-আমিন ভূঁইয়া, মতলব দক্ষিণ:
চাঁদপুরের মতলব-গৌরিপুর পেন্নাই সড়কের নারায়ণপুর বাজার এলাকায় সড়ক থেকে পিচঢালাই উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। সড়কের দীর্ঘ অংশ ক্ষতবিক্ষত হওয়ায় গাড়ির চাকা গর্ত এড়িয়ে চালানোর সময় গর্তে পরে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কের এই ভাঙ্গা অংশ যাত্রী ও চালকরা জীবনের ঝুঁকে নিয়ে পাড়ি দিতে হচ্ছে দিনের পর দিন। সড়কটি যেন মৃত্যুফাঁদে পরিনত হয়েছে।
দীর্ঘদিন সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও নজর দেয়নি কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, বৃষ্টি হলেই সড়কে পানি জমে উপজেলার নারায়ণপুর সাহা বাড়ির মোড় ও নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে চৌরাস্তা পর্যন্ত এই অংশটুকু বেহাল দশায় পরিণত হয়।
মাঝেমধ্যে সড়কটির গর্তে কিছু ইট-সুরকি ফেলা হলেও বৃষ্টিতে ইট-সুরকি ভেঙেচুরে সরে যাচ্ছে। পুনরায় গর্তের সৃষ্টি হচ্ছে। সড়কটি খারাপ থাকায় এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের নারায়ণপুর বাজার সংলগ্ন সাহা বাড়ির মোড় ও নারায়ণপুর বাস স্টেশন এলাকাজুড়ে কয়েকটি স্থানে কার্পেটিং উঠে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পর এসব খানাখন্দে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়। ঝুঁকি নিয়েই চলাচল করে বাস, পন্যবাহী ট্রাক, প্রাইভেটকার, ব্যাটারিচালিত অটোরিকশা-ভ্যান, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। যানবাহনের ধীরগতির কারণে প্রায়ই সড়কটিতে যানজট লেগে থাকে। আর এতে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
স্থানীয় বাসিন্দা নবীর হোসেন বলেন, এই সড়কটি দিয়ে আমারা সবসময় চলাচল করি। এখন সড়কটির এমন অবস্থা হয়েছে চলাচলের অনুপযোগী।
কলেজ শিক্ষক জয়নাল আবেদিন বলেন, প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে যাতায়াত করে। খানাখন্দের কারণে প্রায়ই লেগে থাকে যানজট। ফলে বাচ্চাদের স্কুল-কলেজে যেতে দেরি হয়ে যায়। এছাড়াও প্রতিনিয়ত ঘটছে এখানে দূর্ঘটনা। সড়কটি দ্রুত মেরামত করতে সংশ্লিষ্টদের প্রতি জোরালো দাবি।
গাড়িচলাক জাহাঙ্গীর হোসেন বলেন, এই ভাঙা রাস্তা দিয়ে আমরা গাড়ি চালাতে পারি। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। গাড়ি যেসময় পানি ও গর্তের মধ্যে দিয়ে যায় মনে হয় যেনো এই বুঝি এক্সিডেন্ট হয়ে গেলাম।
এ বিষয়ে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ আলী জানান, এই সড়কটি সংস্কার করার জন্য আমরা নোটিশ করেছি। কিছু দিনের মধ্যেই কাজ শুরু হবে। আপাতত চলাচলের সুবিধার্থে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



















