শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৮৩ জন
- আপডেট সময় : ০৬:৩২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ৩০

মোঃ রাছেল, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি।
শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে চাঁদপুরের কচুয়ায় শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে উপজেলার ১২টি কেন্দ্রে সর্বমোট ৮৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
মঙ্গলবার অনুষ্ঠিত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নিজ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিল ৮৩ জন পরীক্ষার্থী।
এসএসসির বাংলা (আবশ্যিক) এবং দাখিলের কুরআন মাজিদ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল মোট ৩ হাজার ৫৪৩ জন পরীক্ষার্থীর। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩ হাজার ৪৬০ জন। অনুপস্থিত ৮৩ জনের মধ্যে এসএসসি ও দাখিল উভয় পর্যায়ের পরীক্ষার্থী রয়েছে।
উপজেলার ১২টি পরীক্ষাকেন্দ্রেই ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্র সচিবদের তদারকিতে প্রতিটি পরীক্ষা কক্ষ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান (রাসেল), নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ও
নাইমা আফরোজ। এছাড়া প্রশাসনের গঠন করা বিশেষ ভিজিলেন্স টিম দিনভর বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করেন। কেন্দ্রগুলোতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া বহিরাগত কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি।
সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা। সরকারের এই কঠোর ও স্বচ্ছ পদক্ষেপকে তারা সাধুবাদ জানিয়েছেন। পুরো পরীক্ষা সময়জুড়ে এমন সুন্দর পরিবেশ বজায় থাকবে।


























