সোনারগাঁয়ে ফুটবল মার্কার নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ
- আপডেট সময় : ১০:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১১

সোনারগাঁ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে ফুটবল মার্কার পক্ষে নির্বাচনি প্রচারণায় বাধা, হুমকি ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখ দুপুর আনুমানিক ১টার দিকে সোনারগাঁ থানাধীন সোনারগাঁ পৌরসভার অন্তর্গত ৯নং ওয়ার্ডের ভট্টপুর গ্রামে ফুটবল মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন অন্তরা কর্মকার, ফাতেমা খানম ত্রিশা, স্বর্ণা আক্তার, ইমরান খান, মো. ইব্রাহিম, হিমেল ও গাড়িচালক নূর হোসেন।
এ সময় সোনারগাঁ থানা শ্রমিক দলের কর্মী মোশারফ হোসেন তাদের নির্বাচনি প্রচারণায় বাধা প্রদান করেন বলে অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়, তিনি প্রচারণায় অংশগ্রহণকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি, হুমকি-ধামকি ও গালিগালাজ করেন। একপর্যায়ে মো. ইব্রাহিমের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পানিতে ফেলে দেন। পরে মারমুখী আচরণ করে ফুটবল মার্কার নির্বাচনি প্রচারণা জোরপূর্বক বন্ধ করে দেন এবং ঘটনাস্থল থেকে তাদের বের করে দেওয়া হয়।
ভুক্তভোগীরা জানান, ঘটনার বিষয়টি তারা নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনকে অবহিত করলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। পরবর্তীতে এ ঘটনায় মো. ইব্রাহিম উপজেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ের মাধ্যমে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হলে নির্বাচন কমিশনের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, “নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া সম্পূর্ণ বেআইনি। অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং কোথাও সহিংসতা বা বাধার অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার ভিডিও ফুটেজ মোবাইল ফোনে সংরক্ষিত রয়েছে, যা তদন্তের প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরবরাহ করা হবে।



























