বিএনপি প্রার্থীর পুঁজি হচ্ছে অর্থ, আমার পুঁজি জনগণ : গিয়াসউদ্দিন
- আপডেট সময় : ০৮:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৭

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি কোনদিন স্কুলে গিয়েছেন কিনা জানিনা। পড়ালেখা করেছেন কিনা জানিনা। তাহলে দল থেকে যে মনোনয় পেল, সবাই বলে সে যোগ্য এজন্য পেয়েছে। আমিও স্বীকার করি সে যোগ্য এজন্যই মনোনয়ন পেয়েছে। আমরা পাই নাই, আমাদের যোগ্যতা নাই। তার যোগ্যতা আপনাদের কাছে বলি। ওনার যোগ্যতা হলো-লুটপাট করে, চাঁদাবাজি করে, মানুষের জমি দখল করে,বাড়ি দখল করে অনেক অর্থ সম্পদ কামিয়েছে। অর্থের বিনিময়ে আজকে সে মনোনয় নিয়েছে। তার পুঁজি হচ্ছে অর্থ। আর আমার পুঁজি হচ্ছে জনগণ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
গিয়াসউদ্দিন বলেন, ‘আর আমরা পাইনি, কারণ অবৈধ অর্থ আমাদের নাই। আমরা মনোনয় কিনবো কিভাবে? আমরা সাতজনই এখানে ডিফল্ট হয়েছি। তার আছে অর্থ, আর আমার আছে জনগণ। আপনারা জনগণই আমার মাটি আমার মানুষ। এ হলো আমার সম্পদ। সবচাইতে বড় সম্পদ। এ সম্পদের উপর বিশ্বাস করে দলিয় মনোনয়ন না পেয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি এ এলাকার অনেক মানুষের অনুরোধে। আপনারা যেখানে আমার শক্তি ও সাহস, সেখানে অর্থ কি কোন বিষয় হতে পারে? আপনারা কি কেউ টাকা খেয়ে নির্বাচনে ভোট দিবেন? নিশ্চই দিবেন না।’
তিনি আরো বলেন, আপনাদের কাছে ভোট চাই এ এলাকার কোন না কোন নেতা বা ব্যক্তি আসবে। চাটুকারি করে অনেক রকমের কথা আপনাদের কাছে বলবে। তারা আসবে, কারণ সেই অর্থবিত্ত মানুষের কাছ থেকে তারা অর্থ পাবে। আর আপনার ভোট বিক্রি করে সেই অর্থকে হালাল করতে চাইবে। কাজেই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এরা আসবে এদের স্বার্থের জন্য। আশা করি আপনারা সিদ্ধিরগঞ্জের মাটিকে কলঙ্কিত করবেন না।
নির্বাচনী জনসভায় ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মাজেদুল ইসলাম, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম, হোসেন সরদার, আব্বাস মিয়া, হাজী হাফিজ উদ্দিন, আব্দুল খালেক, আবুল হোসেন, হাজী মফিজ উদ্দিন, ইমাম আলী ও ওমর আলী প্রমূখ।



























