চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা সাংবাদিককে লাঞ্চিত, টাকা ছিনতাই
- আপডেট সময় : ০৬:১৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ১২৩
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুর আলমকে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা, তার উপর হামলা লাঞ্ছিত ও টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে। গত সোমবার বিকেলে উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের মোল্লার হাটখলায় এই ঘটনা ঘটে। এই ব্যাপারে সাংবাদিক নুর আলম বাদী হয়ে গতকাল মঙ্গলবার দুপুরে সাইদুর রহমান (৭০) তার স্ত্রী মুন্নী বেগম (৪০) ছেলে রফিকুল ইসলাম রতন (৪০) ও ওমর ফারুক (৩০) কে আসামী করে চাটখিল থানায় এজাহার দায়ের করেছেন।
থানায় দায়ের করা এজাহারে জানা যায়, সাংবাদিক নুর আলম গত সোমবার বিকেলে হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের মোল্লার হাটখলা এলাকায় সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ভিডিও ধারণ করার কালে রফিকুল ইসলাম রতন ও ওমর ফারুক এর নির্দেশে সাইদুর রহমানের ২য় স্ত্রী মুন্নী বেগম অতর্কিতভাবে তার উপর হামলা চালিয়ে ও অকথ্য ভাষায় গালমন্দ করে তাকে লাঞ্ছিত করে। তার উপর হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। একপর্যায়ে তিনি ভিডিও করা বন্ধ করতে বাধ্য হন। ভিডিও বন্ধ করার পরপরই সাইদুর রহমান ও তার স্ত্রী এবং অজ্ঞাতনামা জনৈক মহিলা তাকে টানাহ্যাঁচড়া করে লাঞ্ছিত করে এবং তার পকেটে থাকা ৩০ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এই ব্যাপারে তিনি সাইদুর রহমান ও তার ২য় স্ত্রী মুন্নী বেগম সহ ৪ জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী এজাহার প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, সাংবাদিক সমিতির সভাপতি প্রভাষক জসিম মাহমুদ, সাধারণ সম্পাদক মনির হোসেন বিএসসি সহ সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক নুর আলমের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।






