মতলবে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৩৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ১২৮
মমিনুল ইসলাম:
‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আন্তর্জাতিক শ্রম এবং জাতীয় পেশাগত সেফটি ও স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের শোভিত বটতলায় এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, এবং সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।
এসময় ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, “শ্রমিকদের পরিশ্রমেই দেশ এগিয়ে যাচ্ছে। শ্রমিক ও মালিকের মধ্যে সৌহার্দ্য বজায় থাকলে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। নারী শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতেও আমরা অঙ্গীকারবদ্ধ।”
সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকার নানা পদক্ষেপ নিয়েছে। আমাদের প্রত্যেককে সচেতন হয়ে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে।”
ওসি মো. রবিউল হক বলেন, “শ্রমিকেরা দেশের উন্নয়নের চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সকলের দায়িত্ব। পুলিশ প্রশাসন সবসময় শ্রমিকদের পাশে রয়েছে।”
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, “কৃষি খাতে হাজার হাজার শ্রমিক নিরলসভাবে কাজ করছেন। তাদের পরিশ্রমেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হয়েছে। কৃষি শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবায় আরও মনোযোগী হতে হবে।”
উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, “মৎস্য খাতেও বিপুল সংখ্যক শ্রমিক জড়িত। মাছ চাষ, আহরণ ও বাজারজাতকরণে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তাদের প্রশিক্ষণ ও সুরক্ষার জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”
সভায় আরও বক্তব্য রাখেন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজির আহমেদ, ইউপি সদস্য গোলাম নবী খোকন এবং শ্রমিক প্রতিনিধি শাহ আলম।
নাজির আহমেদ বলেন, “শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। তা না হলে উন্নয়নের সুফল সবার মাঝে পৌঁছাবে না।”
শ্রমিক শাহ আলম বলেন, “গ্রামীণ ও খেটে খাওয়া শ্রমিকদের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হোক। তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি।”
আয়োজনে স্থানীয় শ্রমজীবী জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।






