রামগঞ্জে পুকুরে আবারও বিষ ঢেলে লাখ টাকার মাছ নিধন
- আপডেট সময় : ০৮:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ১৪৫
মোহাম্মদ আলী, রামগঞ্জ:
রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের জাফর নগর গ্রামের মো.মানিক মোল্লার একটি পুকুরে বিষ প্রয়োগ করে ২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বুধবার, ১১আক্টোবর সকালে সব মাছ মরে ভেসে উঠে। উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৎস্যচাষী মানিক মোল্লার লিজ নেয়া পুকুরে এ ঘটনা ঘটে।
মো.মানিক মোল্লার জানান,পাখির আলী বাড়ির পাশে হানিফ মেম্বারের প্রায় ৬০শতক জমিতে তেলাপিয়া মাছের চাষ করেছেন তিনি। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় তার ৬০ শতকের পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে পুকুর পাড়ে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখে হতবাক হয়ে যান। যার বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।
তিনি আরও বলেন, কিছু দিন আগেও একই পুকুরে বিষ ঢেলে ১২ লাখ টাকার মাছ নিধন করেছেন দুর্বৃত্তরা। আমি লোন নিয়ে এই পুকুরে নয় দিন আগে আবার ও ৫০,০০০ হাজার তেলাপিয়া মাছের পোনা ছেড়েছি। এ সময়ে প্রায় সাড়ে ৩০,০০০ হাজার টাকা খাবার এই মাছগুলোকে খাইয়েছি। আমার এই পুকুরে ২ টন মাছ ছিল। গত রাতে আমার পুকুরে কে বা কারা বিষ ঢেলে দিয়েছে। এতে সব মাছ মরে ভেসে উঠেছে। দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিয়েছে আবারও। আমি এ ঘটনায় রামগঞ্জ থানায় অভিযোগ করেছি।
চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল বলেন, এটি অমানবিক একটি কাজ করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তিনি কয়েকটি বড় বড় পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে যাচ্ছেন। উপজেলায় মৎস্য চাষে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। এখানে বেশ কিছু লোকের কর্মসংস্থানও হয়েছে। কে বা কারা রাতের আঁধারে তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে জানতে চাইলে রামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদ মোস্তফা মোবাইলে বলেন, আমাকে লিখিত অভিযোগ করতে হবে। তা না হলে আমরা কিছু করার নেই। আমি ওখানে যাবো না। এই কথা বলে মোবাইল কেটে দেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক জানান,মাছ মরার বিষয়টি অভিযোগ করা হয়েছে। তদন্ত করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।






