সিদ্ধিরগঞ্জে ওয়ার্ড সচিবসহ দুই জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- আপডেট সময় : ১০:২৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ৩৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
জনসাধারণের সুবিধার্থে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রাস্তার পাশে নির্মিত সড়ক বাতির পিলার কাটাকে কেন্দ্র করে নাসিক ২ নং ওয়ার্ড সচিবসহ দুই জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) রাতে বিএনপি নেতা মোঃ সোলায়মান পলাশ বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন, মিজমিজি কান্দাপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে নাসিক ২ নং ওয়ার্ডের সচিব মোহাম্মদ মেহেদী হাসান (৩২) ও মিজমিজি মেডিকেল মোড় এলাকার আব্দুল কুদ্দুস মুন্সীর ছেলে আমির হোসেন (৫৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নং ওয়ার্ডের সচিব হিসেবে দায়িত্ব পালননের পর থেকে অভিযুক্ত মোহাম্মদ মেহেদী হাসান এলাকায় বিভিন্নভাবে শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করে আসছে। এমতাবস্থায় গত মঙ্গলবার রাত প্রায় ১ টার সময় অভিযুক্তরা মিজমিজি কান্দাপাড়া এলাকায় সিটি করপোরেশনের রাস্তার পাশে নির্মিত বৈদ্যুতিক সড়ক বাতির খুটি কেটে নিয়ে যায়। এতে করে উক্ত এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরলে এলাকায় জনদুর্ভোগের সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চলছে তীব্র সমালোচনা। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের উপর দোষ চাপাচ্ছেন। উভয়পক্ষের দ্বন্দ্বে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে বিষয়টি জানতে নাসিক ২ নং ওয়ার্ডের সচিব মোহাম্মদ মেহেদী হাসানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলাম বলেন, অভিযোগ হাতে পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত বলতে পারবো। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



























