মতলব দক্ষিণে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬, মোটরসাইকেল উদ্ধার
- আপডেট সময় : ০৮:২০:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ৩১

মতলব প্রতিনিধি:
মতলব দক্ষিণ থানা পুলিশের পৃথক অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ীসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রোববার (১০ মে) মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক দিকনির্দেশনায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, এসআই আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাদ্দাম (৩৭) ও মোঃ মহিন (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১৫০ সিসি ‘হোন্ডা’ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাদ্দামের বিরুদ্ধে পূর্বে ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, এসআই মিন্টু কুমার ধর কলাদী এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পেনাল কোডের মামলার এজাহারভুক্ত আসামী মোঃ আল-আমিন (৩৮) কে গ্রেফতার করেন। তার বিরুদ্ধেও ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
অপরদিকে, এসআই জালাল উদ্দিন আধারা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামী মোঃ রিছাদ (২৩) কে গ্রেফতার করেন।
এছাড়া, এসআই দেলোয়ার হোসেন নাগদা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী মোঃ রহিম খান (৫১) কে গ্রেফতার করেন। তিনি ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ ১ হাজার ৮৬৯ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ছিলেন।
গ্রেফতারকৃত সকল আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে মতলব দক্ষিণ থানা পুলিশ।


























