নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে পুলিশ সদস্যর মৃত্যু
- আপডেট সময় : ১২:৩৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / ৪১

প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ পুলিশের টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে মো. মহসিন সরদার (৪৩) নামে এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক মকবুল হোসেনের নেতৃত্বে চারজন সদস্যসহ একটি দল ডাকাতি প্রতিরোধে রাত্রীকালীন টহলে বের হয়। এসময় তাদের ব্যবহৃত নৌযানটি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে উল্টে যায়।
এরপর টহল দলের সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পেলেও পুলিশ সদস্য মো. মহসিন সরদার গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মহসিন সরদার বাগেরহাট জেলা থেকে নৌ পুলিশে সংযুক্ত ছিলেন। তাঁর বাড়ি খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর গ্রামে। তিনি মৃত আব্দুল করিম সরদারের ছেলে। তার পরিবারে বৃদ্ধ মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর সিয়াম (১৪) বছরের এক ছেলে এবং নিশিথা আক্তার মুন্নি (১৯) বছরের এক মেয়ে আছে।
এদিকে নারায়ণগঞ্জ নৌ সদর পুলিশের অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এই মর্মান্তিক ঘটনায় সহকর্মীরা সবাই শোকাহত। তার মৃতদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা আছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।
























