সিদ্ধিরগঞ্জে মসজিদের প্রাচীর ভাঙচুর,অনুদানের টাকা লুটের অভিযোগ
- আপডেট সময় : ০৮:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১১৭

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি মসজিদের সীমানা প্রাচীর ভাঙচুর ও ক্যাশবক্সের তালা ভেঙে নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মৌচাক বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত ওই মসজিদের মোতওয়াল্লী আঃ সাত্তার দুই জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলো, একই এলাকার বজলুর রহমান (৬০) ও তার ছেলে ইমরান (১৮)। এতে আরো ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মসজিদের মোতওয়াল্লী আঃ সত্তার জানান, মসজিদের পাশেই অভিযুক্তদের বসতি। তারা দীর্ঘদিন ধরে মসজিদের জমি দখলের চেষ্টা করছে। মসজিদের অযুখানার সু-ব্যবস্থা না থাকায় এলাকার মুসল্লি ও জেলা প্রশাসকের কাছে আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক কর্তৃক ৬০ হাজার টাকা অনুদান আসে এবং এলাকাভিত্তিক কালেকশনের ৫৪ হাজার টাকা ছিলো। সেই টাকায় মসজিদের সামনের সরকারি জমির উপর অযুখানার জন্য প্রাচীর নির্মাণ শুরু করা হয়। এরপর থেকে অভিযুক্তরা কাজে নিয়োজিত শ্রমিকদের হুমকি-ধামকি সহ নানাভাবে বাধা দিতে থাকে। এ বিষয়ে তাদের সাথে বসে কথা বলতে চাইলেও তারা আসেনি। মঙ্গলবার (১২ মে) রাতে তারা মসজিদের নবনির্মিত প্রাচীর ভাংচুর করে। এসময় তারা মসজিদের প্রধান ফটক ও মসজিদের ভেতরে থাকা আলমিরির তালা ভেঙে সরকারী অনুদানের ৬০ হাজার টাকাসহ নগদ এক লক্ষ চৌদ্দ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
বিষয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার (এস.আই) নূর-ই-আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনার রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযুক্ত কাউকেই সেখানে পাওয়া যায়নি।
অভিযোগের তদন্তে দায়িত্ব পাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই আতাউর রহমান বুধবার দুপুরে ঘটনার তদন্তে গিয়ে ভাঙচুরের ঘটনার সত্যতা পেয়েছেন বলে তিনি জানান।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মসজিদে ভাংচুরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত অনুযায়ী প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

























