চাটখিলে পতাকা উত্তোলন দিবস পালিত
- আপডেট সময় : ০৩:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ৭০

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
২রা মার্চ পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি চাটখিল উপজেলা ও পৌর শাখা গত সোমবার বিকেলে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। চাটখিল প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় সাংবাদিক হাবিবুর রহমান মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জেএসডি’র সভাপতি সাংবাদিক মো. হাবিবুর রহমান।
উপজেলা জেএসডি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেএসডি নেতা অধ্যাপক হারুন অর রশিদ, প্রফেসর দীন মোহাম্মদ, সহকারী অধ্যাপক জসিম মাহমুদ, শেখ মাঈন উদ্দিন, রেজাউল হক, ফজলে আলম প্রমূখ।
বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও স্বাধীনতার প্রকৃত ইতিহাস রচিত হয়নি। ১৯৭১ সালে জাতি যখন দিশেহারা তখন স্বাধীনতার রুপকার সিরাজ আলম খানের নির্দেশনায় ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় লাখো ছাত্র জনতার সমাবেশে পাকিস্তানি পতাকা পুড়িয়ে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা তৎকালীন ডাকসু ভিপি আ স ম আবদুর রব। হাজার হাজার পাকিস্তানি সেনার উপস্থিতিতে জীবনবাজি রেখে তিনি স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। তাঁরই ধারাবাহিকতায় ৩রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা শাহাজাহান সিরাজ। এরই প্রেক্ষিতে ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসপোটস ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন।
যারা এই দিবসগুলোকে অস্বীকার করে তারা স্বাধীনতা বিশ্বাসী নয়। বক্তারা দুঃখের সাথে বলেন, ২০০৯ থেকে ২০২৪ সালের হাসিনা সরকারের পতন পর্যন্ত তিনি এবং তার দলের নেতারা কথায় কথায় নিজেদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবী করতেন। অথচ ২রা মার্চ কে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেননি। বর্তমান বিএনপি সরকার ও নিজেদের কে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবি করেন। আমরা বলবো আপনারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হলে অবশ্যই স্বাধীনতার সত্যিকার ইতিহাস আপনাদের তুলে ধরতে হবে। বক্তারা ২রা মার্চ কে জাতীয় দিবস ঘোষণা করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান।
সভা শেষে ইফতার মাহফিলে আ স ম আবদুর রবের সুস্থতা কামনা এবং সারাবিশ্বের মুসলমানদের জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা মফিজ উল্লাহ।



























