চাঁদপুর-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী এমরান হোসেন মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা
- আপডেট সময় : ০৬:৫৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ৯৬

মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, জাতীয় পার্টি প্রার্থী এমরান হোসেন মিয়ার দাখিলকৃত মনোনয়নপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুযায়ী সঠিক ও পূর্ণাঙ্গ থাকায় তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় এমরান হোসেন মিয়া বলেন, “আমি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাই। জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাবো।”
উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৬ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয় এবং একজন প্রত্যাহার করেছে। আপিল ও প্রার্থীতা প্রত্যাহার শেষে নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।



























