চাঁদপুর শ্রমিক দলের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার ও মতলব উত্তর উপজেলা কমিটি পূর্ণগঠনের নির্দেশ
- আপডেট সময় : ০৯:৪৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / ১০৯

মতলব উত্তর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় চাঁদপুর জেলা কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার এবং মতলব উত্তর উপজেলা কমিটি পূর্ণগঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ জুন) বেলা ১১টায় নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
সভায় আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মদ মানিক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. জালাল আহমেদ এবং কেন্দ্রীয় শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
এছাড়া চাঁদপুর জেলা শ্রমিক দলের স্থগিত কমিটির নেতৃবৃন্দ নজরুল ইসলাম, হাবিবুর রহমান, আব্দুল হাই দুলাল, মাহবুবুর রহমান সৈয়াল ও কাজী বাবুও সভায় অংশ নেন।
সভায় সমসাময়িক শ্রমিক রাজনীতি, ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে শ্রমিক দলের ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনের করণীয় নিয়ে আলোচনা করেন প্রধান সমন্বয়কারী শিমুল বিশ্বাস।
আলোচনা শেষে সভায় সর্বসম্মতভাবে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, চাঁদপুর জেলা শ্রমিক দলের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের স্থগিতাদেশ প্রত্যাহার করে সকল পক্ষের সমন্বয়ে নতুন কমিটি পূর্ণগঠনের নির্দেশ দেওয়া হয়।



























