বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদ
- আপডেট সময় : ০৫:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩৬

মমিনুল ইসলাম:
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে দলীয় নির্দেশনা মেনে গণঅধিকার পরিষদের প্রার্থী (ট্রাক মার্কা) গোলাফ হোসেন বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ মার্কার ড. মো. জালাল উদ্দিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে ড. মো. জালাল উদ্দিনের বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের প্রার্থী গোলাফ হোসেন বলেন, দেশের বৃহত্তর স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তাদের দল রাজনৈতিকভাবে বিএনপির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় চাঁদপুর-২ আসনে তিনি ধানের শীষের প্রার্থী ড. মো. জালাল উদ্দিনকে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।
তিনি জুলাই আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ দেশের মানুষ নির্বাচনী পরিবেশ উপভোগ করতে যাচ্ছে। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
গোলাফ হোসেন আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপি ও গণঅধিকার পরিষদের যৌথ ভূমিকা ছিল ঐতিহাসিক। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, চাঁদপুর-১ ও চাঁদপুর-৩ আসনের মতো চাঁদপুর-২ আসনেও রাজনৈতিক ঐক্যের অংশ হিসেবে ধানের শীষের পক্ষে তারা কাজ করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ড. মো. জালাল উদ্দিন গোলাফ হোসেন ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ মতলব গড়ে তুলতে চান তিনি। যে মতলবে থাকবে না সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি। মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়নই হবে তার রাজনীতির মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা মাহবুব, ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি সাইফুল ইসলাম মুকুল, কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসান, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাছুম সরকার, মতলব উত্তর যুব অধিকার পরিষদের সহ-সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল মোল্লাসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা।



























