মতলব দক্ষিণে প্রবাসীর স্ত্রী দুই সন্তান নিয়ে উধাও, থানায় জিডি
- আপডেট সময় : ১০:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৪

মতলব দক্ষিণ প্রতিনিধি:
মতলব দক্ষিণ উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রী পরকীয়া টানে ২ সন্তান নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। তিনি হলেন উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের উত্তর পিংড়া গ্রামের মৃত খলিল মিয়াজী ছেলে বোরহান উদ্দিন মিয়াজীর স্ত্রী জান্নাত বেগম (৩১)। স্বামী বোরহান উদ্দিন মিয়াজী বর্তমানে সৌদি আরব চাকরি করেন।
এ ব্যাপারে বোরহান উদ্দিনের মা আনোয়ারা বেগম বাদী হয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং ১২৩৪।
প্রবাসী বোরহান উদ্দিন মিয়াজীর মা আনোয়ারা বেগম বলেন,বিগত প্রায় ১৩ /১৪ বছর আগে তার ছেলেকে একই উপজেলার উপাদী নেছার আড়ং বাজার সংলগ্নে খোরশেদ বকাউলের মেয়ে জান্নাত আক্তারের সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে ১২ বছরের একটি কন্যা সন্তান (তানজিলা) ও ৯ বছরের পুত্র সন্তান ( তামিম) রয়েছে। সংসার জীবনে তাদের মধ্যে কোনো ধরনের ঝগড়া বিবাদ এবং কলহ ছিলনা। ছেলে বোরহান প্রায় ২০ বছর যাবত বাহরাইন, কাতার ও সৌদি আরবেই চাকরি করে আসছে। বর্তমানে সৌদি আরবে রয়েছে। তার সন্তানদেরকে মাদ্রাসায় লেখাপড়া করানো জন্য স্বামীর সম্মতি নিয়ে একবছর যাবৎ মতলব পৌরসভার ছাত্তার মাস্টার মোড়ে বাবু নামের এক ব্যক্তির বাসা ভাড়া নিয়ে ২ সন্তানকে নিয়ে থাকতেন। ওই বাসার পাশেই একটি মাদ্রাসায় সন্তানরা লেখাপড়া করতো।
হঠাৎ করে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর বেলায় ওই বাসার সকল ফার্নিচার ও দুই সন্তানকে নিয়ে উধাও হয়ে যায়। কার সাথে সে পালিয়ে গেছে এমন কোন তথ্য প্রমান নেই তাদের নিকট।তবে অজ্ঞাত নামা এক যুবক প্রায়ই বাসায় আসা যাওয়া করতে দেখেছে বলে জানান স্থানীয়রা। তাদের ধারণা পরকীয়ার টানে সে পালিয়ে গেছে।
সৌদী প্রবাসী বোরহান উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান,আমি আমার স্ত্রীকে অনেক বিশ্বাস করতাম। কখনো অবিশ্বাসের কাজ করেনি তার স্ত্রী। নিজ বাড়ীতে বিল্ডিং করার জন্য তার একাউন্ট ১৮ থেকে ২০ লক্ষ টাকা পাঠিয়েছি। এছাড়া গহনার কোন হিসেব নেই। আমার সাথে এমন প্রতারণা করবে আমার স্ত্রী এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।
মতলব দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, এ ব্যাপারে থানায় একটি নিখোঁজ জিডি হয়েছে।

















